টপিকঃ ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণ শুরু: যোগাযোগমন্ত্রী
সরকার ২০১১ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে নবনিযুক্ত যোগাযোগমন্ত্রী বলেন, সরকার এই জানুয়ারির মধ্যে সেতুটির জন্য নকশা পরামর্শক নিয়োগ শেষ করবে।
তিনি জানান, দেশের সবচেয়ে বড় ৫ দশমিক ৫৮ কিলোমিটার দীর্ঘ এ সেতুর জন্য পরামর্শকরা নকশা করার পর তার মন্ত্রণালয় দরপত্র আহ্বান করবে।
নির্মাণ শেষে সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করবে।
যোগাযোগমন্ত্রী জানান, সেতুটির মোট নির্মাণ ব্যয় হতে পারে প্রায় ১০ হাজার কোটি টাকা।
মহাখালীর সেতু ভবনের ওই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "প্রধানমন্ত্রী এই মাসের মধ্যে নকশা পরামর্শক নিয়োগ শেষ করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন। আশা করছি, এই মাসের মধ্যেই নিয়োগ সম্পন্ন হবে।"
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুর নির্মাণ শুরু ও সম্পন্ন করবে।
যোগাযোগমন্ত্রী বলেন, "আমরা আশা করছি ২০১১ সালে নির্মাণ কাজ শুরু হবে এবং পরবর্তী তিন বছরের মধ্যে তা সম্পন্ন করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এই সরকার।"
আবুল হোসেন জানান, সেতুটিতে রেল লাইন স্থাপনের সুযোগও থাকবে, যা ট্রান্স-এশিয়ান মহাসড়কের সংযোগ হিসেবে ব্যবহৃত হতে পারবে।
তিনি বলেন, "সেতুটির নির্মাণ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।"
যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন 'বাংলাদেশ ব্রিজ অথোরিটি'র সচিব মুশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেতুটির নকশা ও অন্যান্য বিষয় চূড়ান্ত করার জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক এবং অন্য দাতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে আসছে সরকার।"
পদ্মা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু মুন্সীগঞ্জের মাওয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাদারীপুর জেলার জাজিরাকে সংযুক্ত করবে। এর ফলে বাগেরহাটের মংলা বন্দরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজতর হবে।



