টপিকঃ ক্যাবল কাটলেও সংযোগ থাকবে
প্রসঙ্গ: ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিঘ্নিত
টিএন্ডটির সঙ্গে গ্রামীণফোন ও একটেলের চুক্তি হচ্ছে
মিলটন আনোয়ার:দেশের অভ্যন্তরে কোনও নাশকতা বা দুর্ঘটনার কারণে বাংলাদেশ যেন তথ্য প্রযুক্তির মহাসড়ক থেকে বিচ্ছিন্ন না হয় সেজন্য বেশ কিছু উদ্যোগ নিচ্ছে সরকার। তথ্য প্রযুক্তির মহাসড়ক সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত বংলাদেশের ভেতরে স্থাপিত ফাইবার অপটিক্যাল লিংক ক্ষতিগ্রস্থ হলেও ইন্টারনেট সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও একটেলের সঙ্গে সমঝোতা চুক্তি করছে টিএন্ডটি। এছাড়া বেসরকারি টেলিফোন কোম্পানি বাংলাফোনের সঙ্গে অপর একটি চুক্তির বিষয়ও প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল টিএন্ডটির একটি উচ্চ পর্যায়ের সূত্র এই তথ্য জানিয়েছে।
গ্রামীণফোন ও একটেলের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও ফাইবার অপটিক্যাল লিংক বিচ্ছিন্ন হলেও বাংলাদেশ ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন হবে না। বাংলাটেলের সঙ্গে চুক্তি হলে কক্সবাজার পর্যন্ত এই সুবিধা বাড়বে। গত ১ সপ্তাহে চট্টগ্রামে দু’বার ফাইবার অপটিক্যাল লিংক কাটা পড়ার কারণে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সূত্র জানায়, চুক্তি অনুযায়ী টিএন্ডটি গ্রামীণফোন ও একটেলের নেটওয়ার্কের সঙ্গে দুই জোড়া ‘ডার্ক ফাইবার’ শেয়ার করবে। এই ফাইবারের মধ্যে দিয়েই আলোর সিগন্যাল বাহিত হয়। গ্রামীণফোন ও একটেল প্রত্যেকে টিএন্ডটিকে ১ জোড়া করে দুই জোড়া ডার্ক ক্যাবল ব্যবহার করতে দেবে। এর বিনিময়ে টিএন্ডটি তার সাবমেরিন ক্যাবল থেকে দুইটি কোম্পানিকে দুই জোড়া ফাইবার ব্যবহার করতে দেবে। বাংলাদেশের অপটিক্যাল লিংকে মোট ২৪ জোড়া ডার্ক ফাইবার ক্যাবল রয়েছে। ক্যাবল ব্যবহারের জন্য কোনও পক্ষকেই টাকা দিতে হবে না। এ চুক্তি হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও অপটিক্যাল লিংক বিচ্ছিন্ন হয়ে পড়লে এর ভেতর দিয়ে প্রবাহিত আলোর সিগন্যাল সঙ্গে সঙ্গে মোবাইল ফোন কোম্পানি দুটির নেটওয়ার্কের জন্য স্থাপিত ক্যাবলের মাধ্যমে প্রবাহিত হবে।
এই দুটি কোম্পানির নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত, কিন্তু সাবমেরিন ক্যাবল কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেখান থেকে অপটিক্যাল লিংকের মাধ্যমে প্রথমে চট্টগ্রাম পরে তা ঢাকায় পৌঁছেছে। কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত দুর্ঘটনা এড়াতে টিএন্ডটি ওই অঞ্চলের বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানি বাংলাফোনের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। কিš' বাংলাফোন বিটিআরসির কালো তালিকাভুক্ত হওয়ায় বিটিআরসি চুক্তি করতে নিষেধ করে। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংখ্যক গ্রাহক জোগাড় করতে না পারায় বিটিআরসি বাংলাফোনকে ২ কোটি টাকা জরিমানা ও কালো তালিকাভুক্ত করে। তবে জরিমানা পরিশোধ করায় বাংলাফোনের সঙ্গে চুক্তি করার বিষয়ে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে টিএন্ডটি আশাবাদী।
এই তিনটি কোম্পানি ছাড়াও অপর বিকল্প হিসেবে টিএন্ডটি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্থাপিত ফাইবার লিংক ব্যবহারের অনুমতি চায়। অন্যদিকে পিজিসিবি চায় তাদের এই লিংক লিজ দিতে। এজন্য তারা টিএন্ডটির কাছে ১৯ কোটি টাকা দাবি করে, যার মধ্যে ৬ কোটি টাকা শুরুতেই দিতে হবে। বড় অংকের এই টাকার কারণে আপাতত পিজিসিবির সঙ্গে এ বিষয়ে কোনও চুক্তি করা হচ্ছে না। তবে প্রয়োজনে সেটাও করা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
খবরের উৎস: দৈনিক আমাদের সময়, ৩-সেপ্টেম্বর-২০০৭
ইউনিকোড বাংলায় রূপান্তর: মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ১.৭.২ (এপ্রিল ২৫, ২০০৭)
আরও কৃতজ্ঞতা: বাংলা নিউজ নেটওয়র্ক






