টপিকঃ দেশীয় প্রযুক্তিতে তৈরী ইলেক্ট্রনিক ভোটার যন্ত্রের প্রথম পরীক্ষা
আশা করি দেশীয় প্রযুক্তিতে তৈরী ভোটযন্ত্র সফল ভাবে প্রথম পরীক্ষা পেরিয়ে যাবে(y)
ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচন
শনিবার ইলেকট্রনিক ভোটযন্ত্রের প্রথম পরীক্ষা
সত্যিকারের ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রথম বারের মতো পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে দেশি প্রযুক্তিতে তৈরি ইলেকট্রনিক ভোটযন্ত্র। আগামী শনিবার ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচনে এই যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) তৈরি করা ইলেকট্রনিক ভোটযন্ত্র ব্যবহার করা হবে।নির্বাচনে কারিগরি সহায়তাও দেবে প্রতিষ্ঠানটি।
প্রায় দেড় বছর আগে আইআইসিটির গবেষকেরা এ ধরনের একটি ভোটযন্ত্র উদ্ভাবনের পর এর কার্যকারিতা নিয়ে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করেন।এই যন্ত্রে ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক সুইচ ব্যবহার করা হয়েছে। এর সহায়তায় বুয়েট শিক্ষার্থীদের নিয়ে সাজানো নির্বাচনের আয়োজন করলেও বড় ধরনের কোনো নির্বাচনে এই প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম।
আগামী শনিবার অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির এ নির্বাচনে ২২টি পদের জন্য ৪৫ জন প্রার্থী অংশ নেবেন। অফিসার্স ক্লাবের ১ হাজার ৮০০ ভোটারের জন্য এখানে ১০টি যন্ত্র ব্যবহার করা হবে। প্রতিটি যন্ত্রে একসঙ্গে ৮০ জন প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থাটি সম্পর্কে নির্মাণ দলের সদস্য মাহমুদুল হাসান সোহাগ বলেন, বিভিন্ন ধাপে পরীক্ষণের মাধ্যমে আমাদের এই ভোটযন্ত্রটির কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে তৈরি করা এ যন্ত্রটির জন্য আলাদাভাবে কোনো কম্পিউটারেরও দরকার হবে না। এর ব্যবহার প্রণালীও বেশ সহজ এবং দামও আমাদের সাধ্যের মধ্যে। তিনি বলেন, এ ভোটযন্ত্রটি জাতীয় নির্বাচনসহ বড় বড় সব নির্বাচনে ব্যবহার করা সম্ভব।
এই ভোটযন্ত্রের ব্যবহার প্রসঙ্গে অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সরকারের সাবেক সচিব এম এ হান্নান বলেন, ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে ভোটদান যেমন নিরাপদ ও সহজ, তেমনি এতে ভুল হওয়ার সম্ভাবনাও নেই। তা ছাড়া এখানে কারচুপির অভিযোগেরও কোনো অবকাশ নেই। এ ছাড়া এ ব্যবস্থায় ভোট গণনার জন্য বাড়তি সময় ও ঝামেলা হবে না।
ইতিমধ্যে অফিসার্স ক্লাবে ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই যন্ত্রের ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উৎসঃ প্রথম আলো
কৃতজ্ঞতাঃ এস এম মাহবুব মুর্শেদ, অরূপ কামাল


